মা হতে চান তানজিন তিশা, ‘ফ্রাইডে নাইটে’
পাঁচ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান?—নায়ক জায়েদ খানের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী তানজিন তিশা জানালেন, তিনি মা হতে চান। সেই সঙ্গে বললেন, এর মধ্যেই বিয়ে করবেন।
তানজিন তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করব, মা হব।
এই কথা বলার পর তানজিন তিশা আরও বলেন, এভাবে হয়তো সচরাচর কেউ বলে না, যেমন আমি বললাম। কিন্তু মানুষের ব্যক্তিজীবনও পেশাগত জীবনের মতো গুরুত্বপূর্ণ। এটা লুকিয়ে রাখা বা এড়িয়ে যাওয়ার কিছু নেই।
যুক্তরাষ্ট্রের বাংলা চ্যানেল ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শিরোনামের অনুষ্ঠানটি উন্মুক্ত হয়। অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি ছিলেন তানজিন তিশা। এর মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে অভিষেক হয়েছে চিত্রনায়ক জায়েদ খানের।
অনুষ্ঠানে তানজিন তিশা নিজের অভিনয়জীবন, ব্যক্তিজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। একই সঙ্গে তিনি পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন উপস্থাপক জায়েদ খানের উদ্দেশে। সেখানেও হালকা-ফুটো হাস্যরসের মধ্যে দিয়ে উত্তর দেন জায়েদ খান।
জানা গেছে, তারকাদের সঙ্গে এমন আড্ডানির্ভর আয়োজন নিয়ে প্রতি শুক্রবার হাজির হবেন জায়েদ খান। প্রথম পর্বেই দারুণ সাড়া ফেলেছে অনুষ্ঠানটি।