লন্ডনে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু

যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শুরু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা ১০ মিনিটে লন্ডনের পার্ক লেন এলাকার হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

সূত্র অনুযায়ী, এই বৈঠক একান্ত—অর্থাৎ অধ্যাপক ইউনূস ও তারেক রহমান ছাড়া বৈঠকে কেউ উপস্থিত নেই। তবে হোটেলটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ দূতাবাসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সরকার ও বিএনপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চরমে। সূত্র বলছে, নির্বাচনের সময় নির্ধারণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলেই বৈঠকটি গুরুত্ব পাচ্ছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, প্রথমদিকে তারেক রহমানের পক্ষ থেকে বৈঠকে আগ্রহ দেখা যায়নি। তবে পরে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগের পর বিষয়টি গুরুত্ব পায়। শেষ পর্যন্ত বিএনপি এই বৈঠকে সম্মতি দেয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে। বিশেষ করে, সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরির ক্ষেত্রে এটি হতে পারে একটি সম্ভাব্য সূচনা।

All Categories