মাছের মাথা আর মুগ ডালের স্বাদের মুড়িঘণ্ট রাঁধুন সহজ উপায়ে
গরম ভাতের পাতে মাছের মাথা আর মুগ ডালের মুড়িঘণ্ট থাকলে খাবারের স্বাদই বদলে যায়। বাঙালির ঐতিহ্যবাহী এই পদ ঠিকমতো রাঁধতে পারলে ঘ্রাণ ও স্বাদ দুটোই হয় দারুণ। জেনে নিন ধাপে ধাপে রান্নার পদ্ধতি।
উপকরণ: মাছের মাথা, মুগ ডাল দেড় কাপ, কুচি করা পেঁয়াজ আধা কাপ, মাঝারি টমেটো ১টি, কাঁচা মরিচ কয়েকটি, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া ১ টেবিল চামচ করে, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, লবণ, তেল, গরম পানি ৪ কাপ, ঘি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ও পেঁয়াজ বেরেস্তা।
প্রথমে মাছের মাথা আটা বা ময়দা মেশানো পানিতে কয়েকবার ধুয়ে আঁশটে গন্ধ দূর করুন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে লবণ-হলুদ মেখে ১৫ মিনিট রাখুন। অন্যদিকে শুকনো কড়াইয়ে মুগ ডাল ৩-৪ মিনিট হালকা আঁচে ভেজে নিয়ে ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন।
কড়াইয়ে তেল গরম করে মাছের মাথা হালকা ভেজে তুলে ফেলুন। ওই তেলে তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারুচিনি ছেড়ে পেঁয়াজ সোনালি করে ভাজুন। এবার হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে অল্প পানিসহ নাড়ুন, তারপর ধনিয়া ও জিরার গুঁড়া এবং টমেটো দিয়ে মসলা কষান, যতক্ষণ না তেল ছেড়ে দেয়।
কষানো মসলায় ভাজা মাছের মাথা, গরম মসলা ও ভেজানো ডাল মিশিয়ে নিন। চার কাপ গরম পানি আর লবণ দিয়ে ঢেকে হালকা আঁচে ডাল নরম হওয়া পর্যন্ত রান্না করুন; মাঝেমধ্যে নেড়ে দেখুন যেন নিচে লেগে না যায়।
ডাল সেদ্ধ হলে ঝোলের ঘনত্ব দেখে নিন। কাঁচা মরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও ৩-৪ মিনিট রাঁধুন। ঝোল মাখা মাখা হলে ধনেপাতা, ঘি ও বেরেস্তা ছড়িয়ে নামিয়ে ফেলুন। গরম ভাতে পরিবেশন করুন।