হেলমেট পরা দুর্বৃত্তের গুলিতে আহত বৃদ্ধ জামাল উদ্দিন

নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেলে আসা হেলমেট ও কালো পোশাকধারী দুই ব্যক্তির গুলিতে জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত সাখায়েত উল্যার ছেলে।

স্থানীয়রা জানান, জামাল উদ্দিন বাড়ির পাশের দোকানে বসে ছিলেন। এ সময় দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি তার বাম পা ও রানে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন এবং কয়েক বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রচার চালিয়েছিলেন। তার একাধিক ছেলে বিদেশে থাকেন।

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে গুলি করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

All Categories