লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক।
জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, দেশি-বিদেশি রাজনীতিক ও কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বিপুল এই জনসমাগমকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় সংসদ ভবনের মাঠ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর রোড, সোবহানবাগ, ফার্মগেট ও জাহাঙ্গীরগেট পর্যন্ত বিস্তৃত এলাকায় জানাজায় অংশ নেন মানুষ। সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নামে। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতেও। জনসমাগমের কারণে উড়ালসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর পৌনে ৩টার দিকে জানাজা শুরুর আনুষ্ঠানিকতা শুরু হয়। জানাজার শুরুতে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তিনি বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।
নজরুল ইসলাম খান আরও বলেন, জনগণের কল্যাণে খালেদা জিয়া একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে বাংলাদেশ বিশ্বে “ইমার্জিং টাইগার” হিসেবে পরিচিতি পেয়েছিল।
জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। সর্বস্তরের মানুষের শোক ও শ্রদ্ধায় ঘিরে থাকা মানিক মিয়া অ্যাভিনিউ তখন পরিণত হয় এক আবেগঘন শোকসভায়।