খুলনায় সাব রেজিস্ট্রারকে অপহরণ, ফিরে এসে মুখে কুলুপ
খুলনায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদরের সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অপহরণ করেছে কয়েকজন দুর্বৃত্ত। আজ বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ৩-৪টি মোটরসাইকেলে আসা যুবকরা প্রথমে তাকে রিকশায় তুলে নেয়, পরে মোটরসাইকেলে করে নগরীর কালীবাড়ি ঘাটের দিকে নিয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর তাকে আবার রিকশায় করে কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। তবে ফিরে এসে তন্ময় মণ্ডল এ বিষয়ে কোন তথ্য দিতে রাজি হননি।
সাব রেজিস্ট্রার কার্যালয়ের মতো জনবহুল স্থান থেকে এভাবে একজনকে তুলে নেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, কালীবাড়ি এলাকায় খুলনার সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ প্রভাব বেশি।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরের খাবারের বিরতির সময় সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে বের হয়ে একটি রিকশায় ওঠেন তন্ময় কুমার মণ্ডল। সঙ্গে সঙ্গে ৩-৪টি মোটরসাইকেলে আসা যুবকরা তাকে ঘিরে ধরে। দু’জন রিকশায় উঠে তার মুখ চেপে ধরেন। কিছু দূর পর তাকে মোটরসাইকেলে তুলে কালীবাড়ি রোডের একটি দোকানে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘাট এলাকায় অভিযান শুরু করে। প্রায় ৪০ মিনিট পর তাকে কার্যালয়ে ফিরে আসতে দেখা যায়, এ সময় তিনি আতঙ্কিত ও ঘর্মাক্ত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তন্ময় কুমার মণ্ডল বলেন, ‘কয়েকজন যুবক কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে কিছু কাগজ সঠিক কিনা দেখতে দিয়েছে। কাজ শেষ হওয়ার পর তারা আমাকে রিকশায় তুলে দিয়েছে।’
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। কিছু সময়ের মধ্যে সাব রেজিস্ট্রার ফিরে আসেন। তাকে কিছু কাগজপত্র দেখতে নিয়ে গিয়েছিল কয়েকজন, পরে তারা তাকে ছেড়ে দেয়।