খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোদীর বার্তা, কৃতজ্ঞতা জানাল বিএনপি

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঠানো বার্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি উদ্বেগ জানিয়ে পোস্ট দেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের গণজীবনে তাঁর দীর্ঘ অবদান স্মরণ করে মোদি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ভারতের পক্ষ থেকে যেকোনোভাবে সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও উল্লেখ করেন।

মোদির এই বার্তার পর বিএনপির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে কৃতজ্ঞতা জানানো হয়। সেখানে বলা হয়, চেয়ারপারসনের আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রীর সুচিন্তিত বার্তা দলের কাছে মূল্যবান। বিএনপি এই সদিচ্ছা ও সম্ভাব্য সহযোগিতার প্রস্তুতিকে কৃতজ্ঞতার সঙ্গে বিবেচনা করছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। শারীরিক জটিলতা বাড়তে থাকায় তাঁকে পরে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। ভেন্টিলেশনসহ জীবনরক্ষাকারী ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। দলের ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, চিকিৎসকেরা প্রায় সব ধরনের চিকিৎসা প্রয়োগ করেছেন, তবুও পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। এখন জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করার নেই, বলেন তিনি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, দেশি–বিদেশি চিকিৎসকরা দিনরাত চেষ্টা চালাচ্ছেন। উনি খুবই অসুস্থ। সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন,বলেন তিনি।

দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে থাকার পর চলতি বছরের ৬ মে তিনি দেশে ফেরেন।

All Categories