খাল খননে অনিয়মকারীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে: হুম্মাম

খাল খননে অনিয়মকারীদের বিরুদ্ধে তদন্ত চলছে। যারা এই টেন্ডার জিতেছে, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’র ১২০ জন সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রাঙ্গুনিয়ায় খাল খনন প্রকল্পে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে যে কাজই হোক না কেন, সবসময় কিছু কাজ হয়তো বাকি রয়ে যায়। যদি কোনো ধরনের গাফিলতি আমরা খুঁজে পাই, তাহলে এটি রি-টেন্ডার করা হবে এবং যাদের অভিজ্ঞতা আছে, তাদের টেন্ডার দেওয়া হবে। খাল খননে অনিয়মের তদন্ত চলছে এবং যারা এই টেন্ডার জিতেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হুমাম কাদের চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী ডেঙ্গু সমস্যাকে যেভাবে প্রতিরোধ করার জন্য কার্যক্রম করছেন এবং আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন। আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ সফল হতে পারব। কিন্তু এর জন্য সবার সাহায্য দরকার হয়।’

এর আগে সকালে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে শপথ বাক্য পাঠের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা হয়। পরে স্বেচ্ছাসেবী সদস্যরা হাসপাতাল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং হাসপাতালের চারপাশে বৃক্ষরোপণ করেন। সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও তার সহধর্মিণী সামাঞ্জার খানের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য।

বিডি ক্লিনের কাজের প্রশংসা করে এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সেরা সন্তান এরা। এই সবুজ জার্সি পরা যারা, তারা আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করে, এজন্য আমরা সবসময় তাদের কৃতজ্ঞ থাকব।’

খাস জমি দখল ও উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এখানে যেসব সরকারি জায়গা অবৈধভাবে বহু বছর ধরে দখল হয়ে আছে, এটি সরকারের জন্য ক্ষতিকর না, এলাকার মানুষের জন্যও ক্ষতিকর। আমরা এখানে একটি উচ্ছেদ অভিযান চালাব। ইনশাআল্লাহ, সরকারের জমি আবার নতুন করে বুঝিয়ে দেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের বিষয়ে তিনি জানান, ‘দেশে যতগুলো ৫০ শয্যার হাসপাতাল আছে, সবগুলোকেই ১০০ শয্যায় নিয়ে আসার চেষ্টা করা হবে। আমরা কিছু প্রাইভেট অর্গানাইজেশনের সাথে আলোচনা করেছি, তাদের থেকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কিছু ফান্ডের ব্যবস্থা করছি।’

উল্লেখ্য, গত দুই সপ্তাহ আগে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজার থেকে গুমাইবিল পর্যন্ত কুলকুরমাই খালে বিডি ক্লিনের সহায়তায় প্রায় ৭০০ জন স্বেচ্ছাসেবী নিয়ে বিশাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছিলেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। পরিচ্ছন্ন ও নান্দনিক রাঙ্গুনিয়া গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।

All Categories