কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকার কেরানীগঞ্জের ঢালিকান্দি এলাকায় বিএনপি নেতা হাসান মোল্লা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।

 বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির পাশেই তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নির্বাচনী কাজ শেষ করে একই এলাকায় একটি ওয়াজ মাহফিলে যান হাসান মোল্লা। সেখান থেকে বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র মোটরসাইকেলযোগে আসা দুজন দুর্বৃত্ত দ্রুতগতিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

All Categories