জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা চলছে: জামায়াত আমির
সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, সরকার ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। শনিবার দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, তার দল রাজপথে নেমেছে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য। জনগণের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের জন্য।
সকাল থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা, নারায়ণগঞ্জ শহর ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী-সমর্থকেরা লং মার্চে যোগ দিতে শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে লং মার্চটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।