ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহত
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিশ্চিত করেছে যে, তাদের ঘোষিত প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। চলতি সপ্তাহের শুরুর দিকেই রাজধানী সানায় এ হামলা চালানো হয়।
হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সানার একটি বৈঠকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে প্রধানমন্ত্রী রাহাভির পাশাপাশি আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন। তবে নিহত অন্যদের নাম প্রকাশ করা হয়নি।
আইডিএফ এক বিবৃতিতে দাবি করেছে—“রাজধানী সানার অভ্যন্তরে বৈঠক চলাকালে ইসরায়েলি যুদ্ধবিমান সুনির্দিষ্ট হামলা চালিয়ে হুথিদের শীর্ষ নেতাদের নিশ্চিহ্ন করেছে।”
২০১৪ সাল থেকে উত্তর-পশ্চিম ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলমান।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাত জানিয়েছে, নিহতদের মধ্যে হুথিদের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিচার, যুব ও ক্রীড়া, সামাজিক কল্যাণ এবং শ্রম মন্ত্রী রয়েছেন। এছাড়া হামলায় আরও বেশ কয়েকজন মন্ত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় রয়েছেন।
হুথিদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের কার্যালয় জানিয়েছে, নিহত রাহাভির স্থলাভিষিক্ত হিসেবে উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহ দায়িত্বভার গ্রহণ করবেন।