ইকরার মৃত্যু তদন্তে মানববন্ধন, ‘জাস্টিস ফর ইকরা’ স্লোগানে মুখর বিএফডিসি

ইকরার মৃত্যু তদন্তে মানববন্ধন, ‘জাস্টিস ফর ইকরা’ স্লোগানে মুখর বিএফডিসি

আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে সাংস্কৃতিক অঙ্গন। ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ‘জাস্টিস ফর ইকরা’ নামে একটি সামাজিক প্ল্যাটফর্ম মানববন্ধন করেছে। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ইকরার ঘনিষ্ঠজন, সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগান দেন এবং অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথি-কে বয়কটের আহ্বান জানান। অভিযোগ উঠেছে, তিথির সঙ্গে আলভীর কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ইকরার সংসারে অশান্তি তৈরি হয়, যা শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয়—এমন দাবি ইকরার ঘনিষ্ঠজনদের।

মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, পুলিশের কাছে ইকরার মোবাইল ফোন রয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ থাকতে পারে। তার ভাষ্য অনুযায়ী, ফোনের পাসওয়ার্ডও ঘনিষ্ঠদের কাছে আছে, যা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী চাইলে তথ্য সংগ্রহ করতে পারে।তিনি প্রশ্ন তোলেন, “তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? পরকীয়ার বিচারের জন্য কি কোনো আইন নেই?”

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।এরই মধ্যে গত সোমবার (২ মার্চ) দিবাগত রাতে এক ভিডিও বার্তায় সমালোচকদের উদ্দেশে কথা বলেন জাহের আলভী। তিনি বলেন, “গল্পের একটা পাতা পড়েই জাজ করছেন।”

এদিকে প্রয়াত স্ত্রীকে ‘ইকলি’ সম্বোধন করে আলভীর একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পোস্টে তিনি প্রশ্ন তোলেন—যদি তার জায়গায় তিনি মারা যেতেন, তবে কি একইভাবে ইকরাকে সমালোচনার মুখে পড়তে হতো?

পোস্টে আরও উল্লেখ করা হয় তাদের সন্তান রিযিকের ভবিষ্যৎ ও মানসিক অবস্থার প্রসঙ্গ। তবে সহানুভূতির বদলে সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। অনেকেই এটিকে ‘ইমোশনাল ন্যারেটিভ’ বলে অভিহিত করেন, আবার কেউ কেউ সুষ্ঠু তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন।ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে #JusticeForIkra হ্যাশট্যাগে চলছে তীব্র আলোচনা। মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিবেদন না আসা পর্যন্ত অভিযোগ-প্রত্যাশা ও পাল্টা বক্তব্যের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকছে।ইকরার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা—এটাই এখন পরিবার, সহকর্মী ও সচেতন মহলের প্রত্যাশা।

All Categories