হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের আলটিমেটামের পর বাড়ল জ্বালানি তেলের দাম
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরুর পরপরই তেলের দামে এ ঊর্ধ্বগতি দেখা যায়।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হবে। অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, চলমান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
বার্তা সংস্থা (এএফপি) জানায়, গ্রিনিচ মান সময় রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যায়। তবে কিছু সময় পর তা কিছুটা কমে আসে।
একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দামও প্রায় একই হারে বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছে। লেনদেন শুরুর প্রায় ৪৫ মিনিট পর তা কিছুটা কমে ১১১ ডলারের আশপাশে স্থিতিশীল হয়।
এর আগে, ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।