ফ্লোটিলা সদস্যদের আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা
গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক ফ্লোটিলা ‘গ্লোবাল সুমুদ’কে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বাংলাদেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছে, ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করার এটি ন্যক্কারজনক উদাহরণ।
বিবৃতিতে বাংলাদেশ সরকার অবিলম্বে আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি, তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানায়।
ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীর থেকে দখলদারিত্বের অবসান ঘটানো, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানায় বাংলাদেশ।
বাংলাদেশ সরকার বলেছে, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। গাজায় সহায়তা পৌঁছাতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। বর্তমানে গাজার সাধারণ মানুষ দখলদার বাহিনীর কারণে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত—এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ তাদের সঙ্গে অবিচল সংহতি প্রকাশ করছে।