ফ্লাইডুবাইয়ের সন্দেহভাজন কো-পাইলট আগে থেকেই নিরাপত্তা ঝুঁকি ছিলেন
ইসরায়েলগামী একটি ফ্লাইটের ক্যাপ্টেনকে আক্রমণ করে বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা ফ্লাইডুবাইয়ের সন্দেহভাজন কো-পাইলট হামাম আল হাম্মামি আগে থেকেই নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত ছিলেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ২৯ বছর বয়সী ওমানি নাগরিক হাম্মামি ২০২৪ সালে ওমান এয়ারে প্রশিক্ষণার্থী কো-পাইলট হিসেবে কাজ করার সময় উগ্রবাদী উপকরণসহ ধরা পড়েন। এরপর তাকে উড্ডয়ন থেকে বিরত রাখা হলেও প্রশাসনিক পদে কাজের সুযোগ দেওয়া হয়েছিল।
সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আকাশে থাকা অবস্থায় হাম্মামি ক্র্যাশ অ্যাক্স দিয়ে ক্যাপ্টেনকে আক্রমণ করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। কর্তৃপক্ষ এখনো ঘটনার পূর্ণ পরিস্থিতি, উদ্দেশ্য এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তদন্ত করছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, আগের সতর্কতা সত্ত্বেও কীভাবে তিনি পরে ফ্লাইডুবাইয়ের কো-পাইলট হিসেবে দায়িত্ব পেলেন।
হাম্মামিকে সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন বলে জানা গেছে। সন্দেহভাজন ব্যক্তি বিমানটি ইসরায়েলে বিধ্বস্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বলেও তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি। ঘটনার পর ফ্লাইডুবাই তেল আবিবগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।
বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাড়া হয়ে নামতে শুরু করলে ক্যাপ্টেন ও কয়েকজন যাত্রী হাম্মামিকে নিবৃত্ত করেন। যাত্রীদের একজন নিয়ন্ত্রণ সামলে নেন এবং পরে যাত্রী হিসেবে থাকা তৃতীয় এক পাইলট ককপিটে গিয়ে দায়িত্ব নেন। শেষ পর্যন্ত বিমানটি সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করে।