Sep 29, 2025
এশিয়া কাপের ফাইনালে যেমন হতে পারে ভারত-পাকিস্তানের একাদশ

এশিয়া কাপের ফাইনালে যেমন হতে পারে ভারত-পাকিস্তানের একাদশ

অপেক্ষার অবসান ঘটল, অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ। ম্যাচ ঘিরে ক্রিকেটবিশ্বে উত্তেজনার পারদ ছুঁয়েছে চূড়ান্ত সীমা।

সাম্প্রতিক ফর্ম ও কাগুজে শক্তিমত্তায় ভারত কিছুটা এগিয়ে। তবে বড় টুর্নামেন্টের ফাইনালে ঘুরে দাঁড়ানোর ইতিহাস পাকিস্তানকে করছে আলাদা আত্মবিশ্বাসী। ফলে লড়াইটা যে সমানে সমান হবে, তা বলাই যায়।

পাকিস্তান ফাইনালে নামতে পারে বাংলাদেশের বিপক্ষে খেলা দল নিয়েই। ওপেনিংয়ে ফখর জামানের সঙ্গে থাকবেন সাহিবজাদা ফারহান। তবে চিন্তার জায়গা সাইম আইয়ুবের ফর্ম। পুরো টুর্নামেন্টে ব্যর্থ হলেও স্পিন সামলানোর দক্ষতার কারণে তাঁকে আরও একবার সুযোগ দেওয়া হতে পারে। মিডল অর্ডারে অধিনায়ক সালমান আগা, হুসেইন তালাত ও মোহাম্মদ হারিস বড় ভরসা। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পেস আক্রমণে থাকবেন হারিস রউফ ও ফাহিম আশরাফ। স্পিন সামলাবেন আবরার আহমেদ ও মোহাম্মদ নেওয়াজ।

অন্যদিকে, ভারত ফাইনালে পেতে যাচ্ছে পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহকে। অলরাউন্ডার শিবম দুবেও ফিরতে পারেন একাদশে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট। তিনি খেলতে না পারলে দলের ভারসাম্যে প্রভাব ফেলবে। তাঁর জায়গায় অর্শদীপ সিং বা হর্ষিত রানা খেলতে পারেন। ব্যাটিং লাইনআপে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মা, শুবমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

All Categories