এনসিপি এককভাবে নির্বাচনে গেলে ১ লাখ টাকা অনুদান দেবেন রাশেদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে নির্বাচন করলে তাদের ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৮ মিনিটে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।

রাশেদ খান বলেন, জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি। হয়তো সেই ভিক্ষার টাকা পরিশোধ করতে এনসিপিকে গণভিক্ষা কর্মসূচি চালু করতে হচ্ছে। শোনা যাচ্ছে, আসন্ন স্থানীয় নির্বাচনে জামায়াত এনসিপিকে আর ভিক্ষা দেবে না। অতীতে বন্যার টাকা মেরে দেওয়ার অভিযোগে গণভিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও স্থানীয় নির্বাচনের ফান্ড উত্তোলনে ওয়েবসাইটের মাধ্যমে আবারও গণভিক্ষা কার্যক্রমে জোর দেবে এনসিপি। তিনি ঘোষণা দেন, এনসিপি যদি এককভাবে স্থানীয় নির্বাচন করে, তবে তাদের গণভিক্ষা তহবিলে তিনি ১ লাখ টাকা অনুদান সংগ্রহ করে দেবেন।

রাশেদ খান আরও মন্তব্য করেন, হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলে সম্বোধন করেছেন রুমিন ফারহানা। তিনি প্রশ্ন তোলেন, রুমিন ফারহানার ভাষায় এসব ফকিন্নির বাচ্চারা ১৮ মাসে লাগামহীন দুর্নীতি করে জমিদারের বাচ্চা হয়ে উঠেছে কি না। তিনি বলেন, বিএনপির লোকজন ১৭ বছর ক্ষুধার্ত থেকেও আন্দোলন করেছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহরা ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর লুঙ্গির তলে থাকা ছাড়া আর কী ভূমিকা রেখেছে?

রাশেদ খান উল্লেখ করেন, মূল বিষয় হলো, বিএনপি এনসিপিকে জাতীয় পার্টির মতো বিরোধীদল বানাতে রাজি না হওয়ায় এনসিপি জামায়াতের সঙ্গে জোট বেঁধেছে। বিএনপির এ সিদ্ধান্তে জামায়াত উপকৃত হয়েছে এবং গণতন্ত্র গৃহপালিত বিরোধীদলের তকমা থেকে রেহাই পেয়েছে। তিনি বলেন, নতুন বন্দোবস্তের ঠিকাদার হিসেবে এনসিপি ক্ষমতার জন্য একটি ধান্ধাবাজ দলে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকার আরও কয়েক বছর ক্ষমতায় থাকলে, এনসিপির নেতারা দুর্নীতি ও অর্থপাচারে আওয়ামী লীগকেও পেছনে ফেলতে পারতেন।

All Categories