একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন
একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এই সেমিনারে সালাহউদ্দিন আহমদ বলেন, গতকাল একটি দল বলেছে, আমরা নাকি চাপে জুলাই সনদে গণভোটের প্রস্তাব মেনে নিয়েছি। আমরা বলেছি, জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। এখন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। তবে তাদের কিছু দাবি-দাওয়া আছে। আমরা আশা করছি, সুন্দর সমাধান হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাই সনদকে আইনি কাঠামো দিতে পারেন। সবই হতে হবে বাস্তবতার নিরিখে এবং আইন দিয়ে, যাতে ভবিষ্যতে কেউ বাতিলের দাবি তুলতে না পারে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার।
সালাহউদ্দিন আহমদ বলেন, চব্বিশোত্তর বাংলাদেশের প্রধান শিক্ষা হলো পরিবর্তন। সবক্ষেত্রে মেধা, জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে হবে। সমাজের যে স্তরেই আমরা কাজ করি না কেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। এতে শিক্ষকদের ভূমিকা ব্যাপক।
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাধর্মী ও মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, খাতভিত্তিক গবেষণামূলক শিক্ষা জোরদার করতে হবে, যাতে রিসার্চের মাধ্যমে আমরা গ্লোবাল পর্যায়ে যেতে পারি। একই সঙ্গে কর্মমুখী ও সময়োপযোগী কারিকুলাম তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের জনসংখ্যার কর্মসংস্থান অবশ্যই করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না; বরং আত্মনির্ভরশীল হয়ে নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যত সংস্কারই আমরা করি না কেন, মানসিক সংস্কার আগে না এলে কোনো পরিবর্তন টেকসই হবে না।
ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ও জাতিসংঘের সাবেক চিফ অব স্টাফ রেহান এ আসাদ।
স্বাগত বক্তব্যে ইউট্যাবের মহাসচিব ড. মোর্শেদ হাসান খান বলেন, একটি জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। কিন্তু শিক্ষাকে হতে হবে কর্মসংস্থানমুখী ও যুগোপযোগী। আমাদের সার্টিফিকেটনির্ভর শিক্ষা ব্যবস্থা কেবল বেকারত্ব বাড়িয়েছে। নতুন বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজাতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বিগত সরকারের উদাসীনতায় শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাই শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো ছাড়া বিকল্প নেই। বিজ্ঞানমনস্ক, কর্মমুখী ও আধুনিক কারিকুলাম নির্ধারণের মাধ্যমেই শিক্ষাকে বাঁচাতে হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক নূরুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম প্রমুখ।