এআই রোবট মানুষের ব্যক্তিগত দূরত্ব রক্ষা করবে
মানুষের সঙ্গে একই স্থানে কাজ করার সময় ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে সক্ষম রোবট উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের রোবট নির্মাতা প্রতিষ্ঠান অ্যাজিলিটি রোবোটিকস। নতুন হিউম্যানয়েড রোবট ‘ডিজিট ৫’ মানুষের খুব কাছে চলে এলে কাজ থামিয়ে বসে পড়ার মতো কার্যক্রম করতে পারে।
রোবটটি কারখানা ও গুদামে মানুষের সঙ্গে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ডিজিট ৫ তাদের প্রথম হিউম্যানয়েড রোবট, যা মানুষের সঙ্গে ‘সহযোগিতামূলকভাবে নিরাপদ’ কাজের জন্য তৈরি। রোবটটি আশপাশের মানুষ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যালগরিদম ও একাধিক সেন্সর ব্যবহার করে।
যদি কোনো ব্যক্তি রোবটটির চলার পথে বা খুব কাছাকাছি চলে আসে, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে পথ এড়িয়ে যেতে পারে অথবা থেমে যেতে পারে। অতিরিক্ত কাছে চলে এলে রোবটটি সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নিচু হয়ে বসে পড়তে পারে। রোবটটি কী করছে তা বোঝাতে শব্দ ও দৃশ্যসংকেত ব্যবহার করে এবং প্রয়োজন হলে আলাদা নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থা সক্রিয় করে।
সাধারণত শিল্পকারখানায় চলন্ত যন্ত্রপাতি থেকে মানুষকে দূরে রাখতে নিরাপত্তাবেষ্টনী ব্যবহার করা হয়। অ্যাজিলিটি রোবোটিকসের লক্ষ্য হলো, মানুষের জন্য তৈরি কর্মস্থলে রোবট নিরাপদে কাজ করতে পারে। এতে কারখানার কাঠামো বদলানোর প্রয়োজন হবে না বলে প্রতিষ্ঠানটি মনে করছে।
নিরাপত্তার পাশাপাশি ভারী ও একঘেয়ে কাজের জন্য ডিজিট ৫-এ উন্নয়ন আনা হয়েছে। অ্যাজিলিটির তথ্য অনুযায়ী, রোবটটি সর্বাধিক ২২ দশমিক ৭ কেজি ওজন তুলতে পারে, যা আগের প্রজন্মের তুলনায় ৪০ শতাংশ বেশি। রোবটটির পা নতুনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি ভারী জিনিস তোলার কাজে সক্ষম হয়। মানুষের মতো আকারের কারণে এটি তাক পর্যন্ত পৌঁছাতে, সরু পথে চলতে এবং মানুষের ব্যবহারের উপযোগী জায়গায় কাজ করতে পারে। বিভিন্ন কাজের জন্য এতে বদলানো যায় এমন গ্রিপারও রয়েছে।
ব্যাটারিতে উন্নয়ন আনা হয়েছে, যার ফলে ডিজিট ৫ প্রায় ৯০ মিনিট কাজ করতে পারে এবং ৯ মিনিটের মধ্যে পুনরায় চার্জ নিতে পারে। রোবটটির উচ্চতা ১ দশমিক ৮১ মিটার, ওজন ১২৯ কেজি এবং এটি সর্বাধিক ২ দশমিক ২ মিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাস্তব উৎপাদন পরিবেশে ডিজিট সিরিজের রোবটের ৬৫ হাজার ঘণ্টার বেশি পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতে নতুন মডেলটি তৈরি করা হয়েছে। ২০২৭ সালের প্রথমার্ধে সীমিত পরিসরে ডিজিট ৫ ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই বছরের শেষ নাগাদ এটি আরও বিস্তৃতভাবে বাজারে আনার লক্ষ্য নির্ধারণ করেছে অ্যাজিলিটি রোবোটিকস।
রোবট তৈরি করছে রোবট—এমন একটি কারখানা চীনের লিউঝৌ শহরে চালু হয়েছে, যেখানে হিউম্যানয়েড রোবটের সহায়তায় প্রতি ১০ মিনিটে একটি শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী রোবট তৈরি করা যাচ্ছে।