ডিগবাজিতে চমক, নতুন কাজের ঘোষণা দিলেন জায়েদ খান
ঢালিউডের পরিচিত মুখ জায়েদ খান এবার যুক্তরাষ্ট্রের বাংলা গণমাধ্যম ঠিকানা-এর মাধ্যমে হাজির হচ্ছেন একেবারে নতুন ভূমিকায়। প্রথমবারের মতো সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে। অনুষ্ঠানটির নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।
প্রথম পর্ব প্রচারিত হবে আগামী ৪ জুলাই শুক্রবার, বাংলাদেশ সময় রাত ৮টায়। যদিও প্রথম পর্বে অতিথি কে থাকছেন, সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি সঞ্চালক জায়েদ খান। তাঁর ভাষায়, ‘চমকটা চমকই থাক।
শুধু তারকাকেন্দ্রিক নয়—এটি হবে এক বিস্তৃত পরিসরের আলাপচারিতা। যুক্তরাষ্ট্রসহ প্রবাসে থাকা বাংলাদেশিদের জীবনের নানা দিক, সংগ্রাম, সাফল্য, সামাজিক বাস্তবতা, নতুন প্রজন্মের ভাবনার জায়গা সবকিছু নিয়ে হবে খোলামেলা আলোচনা।
তাঁর ভাষায়, “আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে—বাস্তব, অনুপ্রেরণাদায়ী এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টারে দেখা গেছে, শোয়ের নাম ‘ঠিকানা প্রেজেন্টস: ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। সঙ্গে ছিল জায়েদের ডিগবাজির প্রতীকী ছবি।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি দর্শকদের জন্য নিয়মিত আয়োজন হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকেই অনুষ্ঠানটি ধারণ ও প্রচার করা হবে বলে জানা গেছে।
গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। ‘জুলাই বিপ্লব’-এর আগেই স্টেজ শো করতে আমেরিকায় পাড়ি জমান তিনি। এখন ধারণা করা হচ্ছে, সহসা দেশে ফেরার পরিকল্পনা নেই এই চিত্রনায়কের। বরং স্টেজ শো ও সঞ্চালনার পাশাপাশি ভবিষ্যতে লস অ্যাঞ্জেলেস থেকে ঢাকাই সিনেমা নির্মাণের পরিকল্পনাও করছেন তিনি।