ধর্ষণ মামলার বাদীকেই বিয়ে করলেন নোবেল

ধর্ষণ মামলার বাদীকেই বিয়ে করলেন নোবেল

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে হলো আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে। ধর্ষণ মামলার বাদী সেই নারীকে বিয়ে করেছেন তিনি। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নোবেল ও নববধূর পাশাপাশি দুই পক্ষের চারজন ঘনিষ্ঠ স্বজন স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিয়ের কাজ শেষ করা হয়েছে। বিয়ের সময় নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভুইয়া স্বাক্ষী হিসেবে ছিলেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার নোবেলকে বিয়ের অনুমতি দেন। নোবেলের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত এই অনুমতি দেন। বাদী এবং আসামি উভয়ের সম্মতির ভিত্তিতে আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিয়ের ব্যবস্থা করতে।

প্রসঙ্গত, ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে কারাগারে রয়েছেন নোবেল। অভিযোগ, তিনি ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন। তবে নোবেলের আইনজীবীর দাবি, অভিযুক্ত নারীই নোবেলের স্ত্রী। যদিও মামলার শুরুতে এই দাবি প্রমাণ করতে কোনো বৈধ কাবিননামা আদালতে পেশ করতে পারেননি তাঁরা।

ডেমরা থানার মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুরাদ হোসেন বলেন, “মৌখিকভাবে বিয়ের কথা শোনা গেলেও কোনো বৈধ নথি বা কাবিননামা আমাদের কাছে উপস্থাপন করা হয়নি।”

All Categories