দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের প্রেরণার উৎস: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন তাঁদের পরিবারের জন্য শক্তি ও প্রেরণার উৎস। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুরা খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগ জানাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া তাঁদের আবেগকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে।
পোস্টে তারেক রহমান লিখেছেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।” তিনি জানান, মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য তাঁরা সবার সঙ্গে একইভাবে দোয়া করছেন। এই কঠিন সময়ে মানুষের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।