চুল-দাড়ি কাটা থেকে ‘সেরা নাচিয়ে’র খেতাব অর্জন রিতেশের
ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল প্রতিভার এক উজ্জ্বল উদাহরণ। এক সময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করা এই তরুণ এবার জিতে নিয়েছেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর শিরোপা।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। কয়েক মাসের কঠোর প্রতিযোগিতার পর অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে ‘সেরা নাচিয়ে’ নির্বাচিত হন রিতেশ ও তাঁর কোরিওগ্রাফার প্রতীক উতেকর। বিজয়ী হিসেবে রিতেশ পেয়েছেন ১৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকারও বেশি।
গ্র্যান্ড ফিনালেতে রিতেশ ও প্রতীকের মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহার সঙ্গে। চূড়ান্ত পর্বের চমকপ্রদ পরিবেশনা শেষে বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস রিতেশকে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ের পর উচ্ছ্বসিত রিতেশ জানান, নাচই তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা এবং এই শিরোপা জয় তাঁর কাছে রূপকথার মতো। ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার আসরের পুরো যাত্রায় বিচারকদের সঠিক দিকনির্দেশনা এবং কোরিওগ্রাফার প্রতীকের অসামান্য সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিতেশ।
তবে ১৫ লাখ রুপি জয়ের পর নিজের জন্য নয়, রিতেশের সমস্ত ভাবনাজুড়ে রয়েছেন তাঁর মা। এই অর্থ দিয়ে মায়ের জন্য একটি পাকা বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন তিনি। বাড়ি তৈরির জন্য আরও কিছু অর্থের প্রয়োজন থাকায় তা ধীরে ধীরে জমাবেন বলেও জানান এই তরুণ।
শুধু বাড়ি বানানোর স্বপ্নই নয়, মায়ের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ সেই বাড়ির নামও আগে থেকেই ঠিক করে রেখেছেন রিতেশ। স্বপ্নের সেই বাড়ির নাম ‘হরিদর্শন’ রাখবেন—এমনটাই জানালেন তিনি।