ছয় মাস পর আজ ২২ গজ মাতাতে যাচ্ছেন সাকিব

শেষবার তাঁকে দেখা গিয়েছিল আবুধাবি টি-১০ লিগে, বাংলা টাইগার্সের হয়ে। ব্যাটে রান ছিল না, বল হাতেও উইকেটশূন্য। এরপর কেটেছে ছয় মাস, মাঠের বাইরে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে। সেই বিরতি কাটিয়ে আবারও মাঠে ফিরছেন সাকিব আল হাসান। আজ শনিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সি গায়ে নামছেন পেশোয়ার জালমির বিপক্ষে।

দলের প্রয়োজনে এবার সাকিবকে দলে নিয়েছে লাহোর। তাঁদের এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত—এমন সমীকরণ মাথায় রেখেই ড্যারিল মিচেলের জায়গায় নেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডারকে। এর আগে পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেলেছেন সাকিব। লাহোর কালান্দার্সে এটাই তাঁর প্রথম ম্যাচ।

গতকালই দুবাই থেকে লাহোরে পৌঁছেছেন সাকিব। আজকের ম্যাচ সামনে রেখে দলটির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, পিএসএলে ফিরতে পেরে দারুণ লাগছে। (আজকের) ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভালো কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামব।

লাহোর দলে আরও পরিবর্তন এসেছে। বিদেশি কোটায় নেই স্যাম বিলিংস ও ডেভিড ভিসা। তাঁদের জায়গায় দলে এসেছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপক্ষে। দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও।

অন্যদিকে আজই মাঠে নামতে পারেন আরেক বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। গতকাল শারজাহতে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার ম্যাচ শেষে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বাঁহাতি এই পেসারের।

দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে বাংলাদেশি পেসারকে দলে চাইছিল দিল্লি। শুরুতে বিসিবি কেবল দুটি ম্যাচের অনুমতি দিলেও পরে তিন ম্যাচের জন্য ছাড় দিয়েছে বলে জানা গেছে। সন্ধ্যায় নিজেদের মাঠে ম্যাচ খেলবে দিল্লি। এর আগেও আইপিএলে দিল্লির হয়ে দুটি মৌসুম খেলেছেন মুস্তাফিজ।

দুই তারকার আজকের প্রত্যাবর্তন তাই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহের উৎস। মাঠে তাঁদের পারফরম্যান্সের দিকেই এখন চোখ ক্রিকেটভক্তদের।

All Categories