ব্লাড ক্যান্সারে আক্রান্ত চবি শিক্ষার্থী মহুয়া তাসনিমের মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (৪ অক্টোবর) রাত ২টার দিকে তার মৃত্যু হয়, যা তার বোন সহপাঠীদের জানান।
মহুয়া তাসনিমের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় হলেও তিনি সাভারে বসবাস করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। তার জানাজা রোববার দুপুর ২টায় রাজবাড়ীর বালিয়াকান্দির পাইককান্দিতে অনুষ্ঠিত হবে।
মহুয়ার বিভাগের সিনিয়র শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক জানান, গত ১৪ আগস্ট মহুয়া তাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে জরুরি ভিত্তিতে O+ রক্তের প্রয়োজনের কথা জানিয়েছিলেন। পরে জানা যায়, তার প্লাটিলেটের মাত্রা অনেক কমে গিয়েছিল এবং প্লাটিলেট দেওয়ার প্রয়োজন ছিল।
ইসরাফিল বলেন, প্লাটিলেট দেওয়ার জন্য কয়েকজনের রক্ত পরীক্ষা করা হলেও প্রথমে কারও সঙ্গে মিল পাওয়া যায়নি। পরে একজনের সঙ্গে মিল পাওয়ায় ওই রাতেই মহুয়াকে প্লাটিলেট দেওয়া হয়।
তিনি আরও জানান, ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে মহুয়ার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিলেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তার ভারতে যাওয়ার কথা ছিল।
মহুয়ার মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।