বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান
আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই সরিয়ে দিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি–বিষয়ক পাঠদানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শরিয়াবিরোধী ও নীতির পরিপন্থী’ হিসেবে ৬৮০টি বইকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্তত ১৪০টি বই নারী লেখকদের লেখা। নিষিদ্ধ তালিকায় রয়েছে সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি শিরোনামের মতো পাঠ্যবইও।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও জানানো হয়েছে, ১৮টি বিষয়ে আর পাঠদান করা যাবে না। তালেবানের এক কর্মকর্তা বলেন, এসব বিষয় ‘শরিয়াহ ও কাঠামোর নীতির সঙ্গে সাংঘর্ষিক’।
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের শিক্ষা ও জনজীবনে অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করছে তালেবান সরকার। এবার বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচি থেকেও বাদ পড়ল নারীদের লেখা বই ও বেশ কিছু পাঠ্যবিষয়।
এর আগে দেশটির সর্বোচ্চ নেতার নির্দেশে অন্তত ১০টি প্রদেশে ফাইবার–অপটিক ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হয়। কর্মকর্তারা জানান, ‘অনৈতিক কর্মকাণ্ড রোধে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।