বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, এনসিপির সংবাদ সম্মেলন বর্জন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা দলের সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকেরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। তখন আখতার হোসেন ও তাসনিম জারা এখনো সেখানে পৌঁছাননি।
ঘটনার পর এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে এটিকে “দুঃখজনক ও নিন্দনীয়” বলে উল্লেখ করা হয়। জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরে যান। নয় দিনের সফর শেষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি ও তার সফরসঙ্গীরা ঢাকায় ফেরেন। তাঁদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতের শীর্ষ নেতারা এবং এনসিপি নেতারাও ছিলেন।
প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, হুমায়ূন কবির গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে ফুল দিয়ে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন এনসিপি নেতাকর্মীরা। তখন তারা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। এতে সাংবাদিকদের বক্তব্য শোনায় অসুবিধা হয়। সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও কয়েকজন কর্মী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
ঘটনার পরপরই সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে এনসিপির সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ সাংবাদিকেরা সম্মেলন বর্জন করে চলে যাচ্ছেন। এনসিপির কিছু নেতা অনুরোধ জানালেও তাঁরা আর ফিরে আসেননি।