বিএনপির রিজভী: পলাতক ফ্যাসিস্টরা দেশ অশান্ত করতে চেষ্টা করছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, পলাতক ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা তাদেরকে সহযোগিতা করছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধী দলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। অথচ জামায়াত ১ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে।’

তিনি আরও বলেন, ‘এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে। এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে।’

রিজভী মন্তব্য করেন, সরকার আন্তরিকভাবে দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য কাজ করছে এবং বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি।’

তিনি উল্লেখ করেন, পলাতক প্রধানমন্ত্রী জাতিসংঘের সফরে গেছেন দেশের অর্থ লুটপাট করে ১৩৫ জন নিয়ে, আর তারেক রহমান গেছেন মাত্র ৩৫ জন নিয়ে। এতেই বোঝা যায় দেশের প্রতি কার কত ভালোবাসা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

All Categories