বাংলাদেশের বিপক্ষে বাবর-রিজওয়ান-আফ্রিদিকে ছাড়াই পাকিস্তানের দল ঘোষণা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন নেমে এসেছে তিন ম্যাচে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর্দা নামবে আগামী ২৫ মে। এরপরই লাহোরে শুরু হবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজকে সামনে রেখে আজ বুধবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে এই দলে জায়গা হয়নি পাকিস্তানের তিন অভিজ্ঞ তারকা বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যদিও এখনো পর্যন্ত ম্যাচগুলোর সময়সূচি জানায়নি পিসিবি।

নতুন এই স্কোয়াডে পাকিস্তানের নেতৃত্বে থাকবেন সালমান আলী আগা। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন শাদাব খান। সম্প্রতি নিউজিল্যান্ডের ‘দ্বিতীয় সারির’ দলের বিপক্ষে সিরিজেও বিশ্রামে ছিলেন বাবর-রিজওয়ান-আফ্রিদিরা।

এ সিরিজ দিয়েই পাকিস্তান দলে শুরু হচ্ছে মাইক হেসনের নতুন অধ্যায়। কিছুদিন আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই কোচ।

স্কোয়াড ঘোষণার সময় এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, চলমান পিএসএলে পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

পিএসএলে বাবর আজম খুব খারাপ না করলেও নিজের সেরা ফর্মে ছিলেন না। ১০ ইনিংসে ৩৬ গড়ে ১২৮ স্ট্রাইকরেটে ২৮৮ রান করেছেন তিনি, রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে। তবে রিজওয়ান ছিলেন আরও ভালো ফর্মে—১০ ইনিংসে ৫২ গড়ে ও ১৩৯ স্ট্রাইকরেটে করেছেন ৩৬৭ রান। তিনি রয়েছেন চতুর্থ স্থানে। তবে দুই তারকার দলই বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে।

পাকিস্তানের ১৬ সদস্যের দল:

সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান (সহ–অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান ও সায়েম আইয়ুব।

All Categories