বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে: কংগ্রেসম্যান ম্যাকরমিক
বাংলাদেশে সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সব সময় শান্তিপূর্ণ ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন নিশ্চিত করতে বৈধভাবে চাপ প্রয়োগ করবে।
গত ১৪ মে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে কংগ্রেসম্যান ম্যাকরমিকের কার্যালয়ে সাক্ষাৎ করতে যান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এ সময় তারা বাংলাদেশে গণতন্ত্র, আসন্ন জাতীয় নির্বাচন ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন শেখ মুজিবুর রহমান ইকবাল। আগামী নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী।
সাক্ষাতে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।
জবাবে কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। এই অধিকার নিশ্চিত করতে হলে একটি নির্বাচিত ও প্রতিনিধিত্বমূলক সরকার অপরিহার্য।
তিনি আরও বলেন, গণতন্ত্র নিয়ে নানা সমালোচনা থাকলেও এখন পর্যন্ত এটি-ই এমন এক ব্যবস্থা যেখানে সমাজের সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীও তাদের অধিকার প্রয়োগের সুযোগ পায়। গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক সরকার থাকলে সহিংসতারও অবকাশ থাকে না। এই কারণেই জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের সরকারকে অধিক গুরুত্ব দিয়ে দেখে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠনের মধ্য দিয়ে জনগণের জীবনমানের উন্নয়ন হবে। যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে সমর্থন ও চাপ প্রয়োগ—উভয়ই অব্যাহত রাখবে।