বাংলাদেশে দেড় ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূমিকম্প
দেশের বিভিন্ন অঞ্চলে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে এই ভূমিকম্পগুলো সংঘটিত হয়। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। এর পর ভোরে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে এবং চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।
মিয়ানমারের ভূমিকম্পের এক মিনিট পর, বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়, যা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন সৃষ্টি করে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, রোববার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ৪৪৩ কিমি দূরে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।