আওয়ামী লীগ অংশ নিলে নির্বাচন হবে গ্রহণযোগ্য: জি এম কাদের
জাতীয় পার্টিকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চললেও এত দিন নিশ্চুপ ছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের। তাঁর দাবি, আওয়ামী লীগের ভোট লাঙ্গল প্রতীকে পড়বে এ বিষয়ে তিনি একেবারেই নিশ্চিত।
আওয়ামী লীগের দীর্ঘদিনের সঙ্গী জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর ‘ট্রাম্প কার্ড’ তত্ত্ব নিয়েও সরাসরি আপত্তি তুললেন না তিনি। তবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আওয়ামী লীগের যারা ভোটার, তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন, আশঙ্কা কেন?
কাদেরের ব্যাখ্যা, আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টিকে সমর্থন দেবে।তবে বিএনপি যদি ভোটে জেতার পর বিরক্ত না করার প্রতিশ্রুতি ও সুবিধা দেয়, তাহলেও তারা ভোট পেতে পারে। তবে জামায়াতকে ভোট দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে জি এম কাদের বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে না। তাঁর ভাষায়, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, তখনও আমরা বাধা দিয়েছি। এসব দেশের জন্য ভালো ফল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে সেটি ভালো হবে না। তবে এখন এসব বললেই আমাকে দেশদ্রোহী বলা হয়।
ড. ইউনূস সরকারের সমালোচনা করে কাদের অভিযোগ করেন, বিএনপিকে কোনঠাসা করে জামায়াতকে সামনে আনার চেষ্টা চলছে। তাঁর মতে, নির্বাচন হতে হবে নতুন সরকারের অধীনে, অন্তর্বর্তী সরকারের অধীনে নয়।
সাম্প্রতিক ভাঙনের পরও জাতীয় পার্টি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি।
তথ্যসূত্র: চ্যানেল-24