আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে বিএনপি এগিয়ে, জামায়াত দ্বিতীয়: ইনোভিশনের জরিপ

আওয়ামী লীগ নির্বাচনে না গেলে ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পাবে বিএনপি। আর জামায়াতে ইসলামী পাবে ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৪ দশমিক ৭ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ দশমিক ৮ শতাংশ এবং জাতীয় পার্টি পাবে ২ দশমিক ১ শতাংশ ভোট।

বেসরকারি সংস্থা ইনোভিশন পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

জরিপে বলা হয়, বিএনপির স্থানীয় পর্যায়ের রাজনীতিতে সন্তুষ্ট ৮ দশমিক ২ শতাংশ মানুষ। জামায়াতের প্রতি সন্তুষ্ট ১৩ দশমিক ৭ শতাংশ, এনসিপির প্রতি ৯ দশমিক ১ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি সন্তুষ্ট ৬ দশমিক ৩ শতাংশ মানুষ। তবে অসন্তুষ্টির হারও কম নয়। বিএনপির কার্যক্রমে একদমই সন্তুষ্ট নন ১৪ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। জামায়াতের ক্ষেত্রে এ হার ১৪ দশমিক ১ শতাংশ, এনসিপির ২১ দশমিক ৫ এবং আওয়ামী লীগের ২০ দশমিক ২ শতাংশ।

ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন উত্তরদাতাদের বড় অংশ। জরিপে অংশ নেওয়া ৬৫ দশমিক ৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন। দলীয় প্রতীক দেখে ভোট দেবেন মাত্র ১৪ শতাংশ।

জরিপটির নমুনা আকার ছিল ১০ হাজার ৪১৩ জন। এর মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ গ্রামীণ ও ৩০ দশমিক ৫ শতাংশ শহুরে ভোটার। নমুনা কাভার করেছে আটটি বিভাগের ৬৪ জেলা ও ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট।

ফলাফল প্রকাশ করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সরোয়ার। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম।

All Categories