আমরা আবারো গোপালগঞ্জ যাবো: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাঁর দল আবারও গোপালগঞ্জে যাবে এবং সেখানে কর্মসূচি পালন করবে। তিনি দাবি করেন, গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, হবে বাংলাদেশপন্থিদের।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

নাহিদ ইসলাম লেখেন, আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকরা পরিকল্পিতভাবে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলা চালিয়েছে। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসবাদী সংগঠন।

নাহিদ বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গোপালগঞ্জে আগেভাগেই অবস্থান নিয়েছিল। অথচ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ‘দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তা’ ফ্যাসিবাদীদের পক্ষ নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

পোস্টে তিনি আরও লেখেন, এনসিপির নেতারা প্রশাসনের অনুমতি নিয়েই গোপালগঞ্জে গিয়েছিলেন এবং সেখানে পদযাত্রা নয়, কেবল পথসভা করেছিলেন। এরপর ফেরার পথে তাঁদের গাড়িবহরে হামলা হয়।

নাহিদের দাবি, তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, কিন্তু তাতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘চারজনের মৃত্যুর কথা শুনেছি। আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনতে হবে।

তিনি প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেন, ‘যদি তারা সময়মতো ব্যবস্থা নিত, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ওয়াদা করেছিলাম, গোপালগঞ্জে যাব। গেছি। শহীদের রক্তের শপথ নিয়ে বলছি, মুজিববাদকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না। শহীদ বাবু মোল্লা ও রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করব।

All Categories