Apr 02, 2026
আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’, মুসলিমবিরোধী স্লোগানের প্রতিবাদে ইয়ামাল

আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’, মুসলিমবিরোধী স্লোগানের প্রতিবাদে ইয়ামাল

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল মাঠের ভেতরে ইসলামবিদ্বেষী স্লোগান ও উসকানিমূলক আচরণের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন। গত মঙ্গলবার (৩১ মার্চ) বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে স্পেন ও মিশরের মধ্যকার প্রীতি ম্যাচ চলাকালীন ধর্মীয় বিদ্বেষমূলক স্লোগান দেওয়ার এই ঘটনা ঘটে। 

১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে এই ধরনের আচরণকে ‘অসহনশীল’ ও ‘অজ্ঞতা’ হিসেবে অভিহিত করেছেন। প্রতিবাদ জানিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে ইয়ামাল লিখেছেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ।স্টেডিয়ামে স্লোগান দেওয়া হয়েছে—যদি তুমি লাফ না দাও, তবে তুমি মুসলিম। আমি জানি এটি প্রতিপক্ষ দলের উদ্দেশে ছিল এবং ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে নয়, কিন্তু একজন মুসলিম হিসেবে এটি অত্যন্ত অসম্মানজনক ও অগ্রহণযোগ্য।’ 

তিনি আরো লিখেছেন, ‘ফুটবল উপভোগ ও সমর্থনের জায়গা; ধর্ম বা পরিচয় নিয়ে বিদ্রূপ করার জায়গা নয়। যারা ধর্মকে উপহাসের বিষয় বানায়, তারা আসলে অজ্ঞ ও বর্ণবাদী।এরপর ইয়ামালের করা পোস্টের মন্তব্যের ঘরে ফরাসি তারকা পল পগবাও ‘আলহামদুলিল্লাহ’ লিখে কমেন্ট করেন। তার সঙ্গে সংহতি জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা, সতীর্থ ফারমিন লোপেজ, মার্ক কাসাদো, আলেহান্দ্রো বালদেসহ অনেকে। 

উল্লেখ্য, ম্যাচটি গোলশূন্য ড্র হলেও মাঠের বাইরের অপ্রীতিকর ঘটনা ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা গেছে, প্রথমার্ধ থেকেই গ্যালারির একটি অংশ থেকে ইসলামবিদ্বেষী গান ও স্লোগান শোনা যায়।বিশেষ করে মিশরের জাতীয় সংগীতের সময় শিস দেওয়া এবং খেলোয়াড়রা গোল উদ্যাপনে সেজদা দিলে গ্যালারি থেকে কটূক্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতির সময় স্টেডিয়ামের বড় পর্দায় সতর্কবার্তা প্রচার করা হলেও তা পুরোপুরি বন্ধ হয়নি।এই ঘটনায় কাতালোনিয়ার ক্রীড়ামন্ত্রী বার্নি আলভারেজ তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি অত্যন্ত গুরুতর ঘটনা এবং খেলাধুলার চেতনার পরিপন্থী। 

All Categories