আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবছি না : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আমেরিকায় দ্রব্যমূল্য বাড়লেও ইরান ইস্যুতে নিজের কঠোর অবস্থান থেকে সরছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমেরিকানদের আর্থিক পরিস্থিতির চেয়ে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখাই তার কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

চীন সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, দেশের আর্থিক সংকট তার সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব ফেলছে না। তিনি বলেন, ‘যখন আমি ইরানের কথা বলি, তখন একটাই বিষয় গুরুত্বপূর্ণ—তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবছি না, আমি শুধু দেশের নিরাপত্তার কথা ভাবছি।’

ট্রাম্পের এমন মন্তব্যে তার দল রিপাবলিকান পার্টির মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।সামনেই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন, অথচ ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী। আমেরিকায় পেট্রলের দাম বাড়ার পাশাপাশি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। রিপাবলিকান নেতাদের আশঙ্কা, এই অর্থনৈতিক সংকটের কারণে নির্বাচনে ভোটারদের ক্ষোভের মুখে পড়তে হতে পারে তাদের।

ট্রাম্পের মন্তব্যের সমর্থনে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং বলেন, প্রেসিডেন্টের সর্বোচ্চ দায়িত্ব হলো আমেরিকানদের সুরক্ষা নিশ্চিত করা।তার মতে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তবে তা পুরো আমেরিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য মতে, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের সময়সীমা আগের মতোই আছে। অন্যদিকে, ইরান বরাবরই বলে আসছে যে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা কোনো বোমা বানাচ্ছে না। তবে ট্রাম্প মনে করেন, স্বল্পমেয়াদি অর্থনৈতিক কষ্টের চেয়ে একটি পারমাণবিক অস্ত্রধারী ইরান বিশ্ব নিরাপত্তার জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

 

 


 

All Categories