‘আমি আছি, মরিনাই রে ভাই

‘আমি আছি, মরিনাই রে ভাই

সিনেমায় অনিয়মিত হলেও মাঝে-মধ্যেই ফেসবুকে নিজের উপস্থিতি জানান দেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। ঠিক এমন সময়েই ‘মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—এই শিরোনামে একটি গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিষয়টি নজরে আসতেই রোববার (২৯ জুন) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন মাহি। সেখানে তিনি লেখেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই।’ এই সংক্ষিপ্ত বার্তাতেই গুজবের ইতি টানেন ঢালিউডের আলোচিত এই তারকা।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মাহির। শুরুতেই নজর কাড়েন দর্শকদের। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করে শীর্ষ নায়িকাদের কাতারে জায়গা করে নেন। কাজ করেছেন ওপার বাংলার অভিনেতাদের সঙ্গেও।

তবে গত দুই বছরে মাহিকে তেমন দেখা যায়নি বড় পর্দায়। সর্বশেষ তাকে দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমায়, সেটিও অতিথি চরিত্রে। এর আগে ‘বুবুজান’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

সিনেমার পাশাপাশি রাজনীতির মঞ্চেও দেখা গেছে মাহিকে। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে অংশ নিয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে। যদিও শেষ পর্যন্ত নির্বাচনে পরাজিত হয়ে ফের সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার খবর মেলেনি এখনো।

ভক্তদের অনেকেই ভাবছিলেন মাহি চলচ্চিত্র থেকে সরে গেছেন। হঠাৎ এমন গুজব ছড়ানোয় উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে। তবে মাহির সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে ‘আমি ঠিক আছি’ বলার মাধ্যমে অনেকটাই স্বস্তিতে ফিরেছেন তার শুভাকাঙ্ক্ষীরা। মাহির ভক্তদের আশা, সব জল্পনা পেছনে ফেলে আবারও বড় পর্দায় ফিরবেন ‘অগ্নি’, ‘পোড়ামন’ খ্যাত এই অভিনেত্রী।

All Categories