আল-আকসা মসজিদে জুমার নামাজে ইসরায়েলের নিষেধাজ্ঞা

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ বাতিল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইরানি হামলার কারণ দেখিয়ে এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (৫ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনীর ‘আল মুনাসিক’ প্ল্যাটফরমে দেওয়া এক বিবৃতিতে বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এ কথা জানান।

তিনি বলেন, ইসরায়েল এবং সমগ্র অঞ্চলের ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বিবৃতি অনুযায়ী, জেরুজালেমের ওল্ড সিটির সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে আল-আকসা মসজিদ ছাড়াও ওয়েস্টার্ন ওয়াল (আল-বোরাক দেয়াল), টেম্পল মাউন্ট এবং চার্চ অব দ্য হোলি সেপালকার অন্তর্ভুক্ত রয়েছে। কোনো ধর্মাবলম্বী উপাসক বা দর্শনার্থীকে আগামীকাল (শুক্রবার) এসব এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে দখলকৃত পশ্চিম তীরের ইসরায়েলি শাসক সংস্থার প্রধান সাফ জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও দোকানদার ছাড়া অন্য সবার জন্য ওল্ড সিটিতে প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে।পবিত্র এই স্থাপনা বন্ধ রাখার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন আল-আকসার সিনিয়র ইমাম শায়খ ইকরিমা সাবরি। তিনি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দখলদার কর্তৃপক্ষ যেকোনো অজুহাতে আল-আকসা বন্ধ করার পাঁয়তারা করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

যদিও ইসরায়েল বর্তমান যুদ্ধের দোহাই দিচ্ছে, তবে রমজান মাসের শুরু থেকেই আল-আকসায় নামাজ আদায়ের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করে আসছিল তারা। এই যুদ্ধের ফলে ইতিমধ্যে দুই দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।


 

All Categories