আইপিএলের মাঝপথে ৬ কোটি রুপিতে দল পেলেন মোস্তাফিজ

ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতে সাময়িক স্থগিত থাকার পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। আগামী শনিবার শুরু হচ্ছে প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্ব। এর আগেই সুখবর পেয়েছেন বাংলাদেশের বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে চলতি মৌসুমের বাকি অংশে খেলবেন না—বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার বদলি হিসেবে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

চলতি আইপিএলে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন ফ্রেজার ম্যাকগার্ক। তবে আইপিএলের দ্বিতীয় দফা শুরুর আগেই মাঠ ছেড়েছেন তিনি। তাতে কপাল খুলেছে মোস্তাফিজের।

২০২২ ও ২০২৩ মৌসুমেও দিল্লির হয়ে খেলেছেন মোস্তাফিজ। যদিও গত বছর ছিলেন চেন্নাই সুপার কিংসে। এবার দিল্লি তাকে দলে নিয়েছে ৬ কোটি রুপিতে।

মোস্তাফিজের ফেরায় ধারণা করা হচ্ছে, হয়তো মিচেল স্টার্ককেও পাচ্ছে না দিল্লি। অস্ট্রেলিয়ান পেসারকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড।

আইপিএলে মোস্তাফিজের অভিষেক হয়েছিল ২০১৬ সালে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এখন পর্যন্ত খেলেছেন ৫৭টি ম্যাচ, উইকেট নিয়েছেন ৬১টি।

চলতি আইপিএলের বাকি অংশে দিল্লির পেস আক্রমণে বড় ভরসা হয়ে উঠতে পারেন বাংলাদেশের এই কাটার মাস্টার।

All Categories