Dec 15, 2025
আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা

আইপিএল ২০২৬–এর নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের দলে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজ থাকায় আইপিএলে তাঁদের অংশগ্রহণ পুরো সময়ের জন্য নাও হতে পারে এমন আশঙ্কা করছেন ফ্র্যাঞ্চাইজিগুলো।

এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এ কারণে ওই সময়ে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের প্রাপ্যতা সীমিত হতে পারে। তবে এ বিষয়ে নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার আবুধাবিতে নিলাম-পূর্ব সভায় বিদেশি ক্রিকেটারদের প্রাপ্যতা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে হালনাগাদ তথ্য জানানোর কথা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।

ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন জানিয়েছেন, আইপিএলের বেশির ভাগ সময়ের জন্য খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে। নিউজিল্যান্ড সিরিজের জন্য কেবল ন্যূনতম প্রয়োজনীয় সময়েই খেলোয়াড়দের দেশে ফেরানো হবে।

নাজমুল আবেদীন বলেন, আমরা আইপিএলের বেশির ভাগ সময়ের জন্য খেলোয়াড়দের এনওসি দেব। আমরা চাই তারা যতটা সম্ভব আইপিএল খেলুক। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য ন্যূনতম প্রয়োজনেই আমরা তাদের ডেকে নেব।

চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাত ক্রিকেটার রয়েছেন। তাঁদের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি থেকে শুরু করে ২ কোটি রুপি পর্যন্ত। এই তালিকায় সবচেয়ে বেশি সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তাঁরও আইপিএলে অংশগ্রহণ সীমিত হতে পারে। এমনকি গত মৌসুমের মতো এবারও তিনি দেরিতে বদলি খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টে যোগ দিতে পারেন।

নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন—মোস্তাফিজুর রহমান (ভিত্তিমূল্য ২ কোটি রুপি), রিশাদ হোসেন (৭৫ লাখ), তাসকিন আহমেদ (৭৫ লাখ), তানজিম হাসান সাকিব (৭৫ লাখ), নাহিদ রানা (৭৫ লাখ), শরিফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ)।

All Categories