আগামী নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে: তারেক রহমান
নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে টালবাহানা চলছে—এমন অভিযোগ তুলে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়ন করতে হলে দরকার একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার। সংস্কার নিয়ে অল্প আর বেশি সংস্কারের খেলায় ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ।
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। নেতাকর্মীরা জনগণের কাছে গিয়ে তাদের সমর্থন আদায় করবেন, জনগণ যাঁদের নির্বাচিত করতে চায়, তাঁদেরকে প্রতিনিধি করার ব্যবস্থা নিতে হবে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করতে হবে—আমরা আবারও সেই দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায় অমান্য করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, জনগণের বিশ্বাস নষ্ট হয়, এমন কোনো কাজ করবেন না। যারা ক্ষমতায় থাকতে চান, তারা সরকারের পদ ছেড়ে জনগণের কাতারে আসুন।
বিদেশ নির্ভর রাজনীতির বিরোধিতা করে তিনি বলেন, বিদেশিদের অনুসরণ না করে বাংলাদেশের মানুষের স্বার্থেই রাজনীতি করতে হবে। দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।