৮ কুকুরছানা হত্যা: সর্বোচ্চ শাস্তি দাবি তারকাদের
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও ঘটনার নিন্দা জানিয়ে দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।
ঘটনাটি নজরে আসে অভিনেত্রী ও প্রাণিপ্রেমী জয়া আহসানের। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।” তার পোস্টের নিচে অসংখ্য মানুষ সহমর্মিতা ও প্রতিবাদ জানিয়েছেন।
সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি ও কাঁদতে দেখে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে।
ঘটনাটি শোবিজ অঙ্গনের আরও অনেককে নাড়িয়ে দিয়েছে। অভিনেত্রী সাবিলা নূর প্রাণিকুল’–এর একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে লিখেছেন, “এই নিষ্ঠুরতা অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত।
অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, সকালে খবরটা দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছি না।
অভিনেতা নিলয় আলমগীর নিজের ফেসবুকে লেখেন, “মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। বাচ্চাগুলো বাঁচার জন্য কতটা চেষ্টা করেছিল—একবার ভাবুন।” তিনি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
অভিনেত্রী সাদিয়া আয়মানও কঠোর নিন্দা জানিয়ে লিখেছেন, এভাবে একটি মহিলা কীভাবে আটটি কুকুরের বাচ্চাকে ডুবিয়ে মারতে পারলেন! ভবিষ্যতে যাতে কেউ এমন অমানবিক কাজ করতে সাহস না পায় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিশি খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা-পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার একটি ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিকভাবে তিনি ঘটনাটি স্বীকার করেছেন।
ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।প্রাণী নির্যাতনবিরোধী কঠোর আইন প্রয়োগের দাবি জোরালো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।