যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী, ঢাকায় অপু বললেন‘মানুষ মানুষকে চিনতে নাও পারে’

চলচ্চিত্র তারকা শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শবনম বুবলী ও তাঁদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে। সম্প্রতি তাঁদের একসঙ্গে ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নতুন করে আলোচনায় এসেছে তাঁদের সম্পর্ক।

এই প্রেক্ষাপটে অনেকের মনে প্রশ্ন, কী ভাবছেন শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস? রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্তোরাঁয় লেখক সিফাত নুসরাতের নতুন বই ‘অগ্নিকন্যা’–এর মোড়ক উন্মোচনে অংশ নেন অপু বিশ্বাস। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

যুক্তরাষ্ট্রে শাকিব ও বুবলীর অবকাশযাপন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন,‘কী অনুভূতি বলব? মানুষ মানুষকে চিনতে নাও পারে—এটা খুব অস্বাভাবিক কিছু নয়। ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু সিফাতকে ভালোবাসতে নাও পারেন। আবার উল্টোটাও হতে পারে। এটাই বাস্তবতা।’

শাকিব প্রসঙ্গে আরও জানতে চাইলে অপু বলেন,‘আমি ১৫ জুন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, আজই পড়ে নিতে পারেন। সেখানে আমার অবস্থান পরিষ্কার।’

ব্যক্তিগত সম্পর্কের বাইরে পেশাগত সম্পর্কের দিকটিও তুলে ধরেন অপু বিশ্বাস। তিনি বলেন,‘আমরা সবাই পেশাদার শিল্পী। যাঁদের নাম বললেন, তাঁরাও তাই। সেই হিসেবে বলতে পারেন, আমি সবাইকেই সম্মান করি।

সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গে অপু বলেন,‘অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি। তবে একজন মা হিসেবে আমি তখনই সফল হব, যখন আমার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।

দর্শকদের উদ্দেশে তাঁর অনুরোধ,‘আপনাদের ভালোবাসা ও দোয়া পেয়েছি সব সময়। চাই, আগামীতেও সেই ভালোবাসায় ভরিয়ে রাখবেন আমাকে।’

All Categories