যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতলো বাংলাদেশের ‘নিশি’

যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতলো বাংলাদেশের ‘নিশি’

যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘নিশি’।স্টুডেন্ট ক্যাটেগরিতে ছবিটি এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী, সহপরিচালক হিসেবে ছিলেন জহিরুল ইসলাম। পুরস্কারের ঘোষণা দেওয়া হয় ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, মনোনয়ন পাওয়ার মাধ্যমে ‘নিশি’ ইতোমধ্যে বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে স্থান করে নেয়।

পুরস্কার প্রাপ্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গোলাম রাব্বানী বলেন,সত্যিই আনন্দের খবর। এই অর্জন আমার সিনেমা যাত্রাকে আরও বেগবান করবে। আমি সিনেমায় সবসময় প্রাণ ও প্রকৃতির গল্প বলতে চাই।

ছবিটি নির্মিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেস্কো ঢাকা অফিসের সহযোগিতায়।

‘নিশি’র কাহিনিতে দেখা যায়, এক চা শ্রমিকের কন্যা নিশির পড়াশোনা বন্ধ হয়ে যায়। বাড়িতে টিউবওয়েল দেওয়ার নাম করে স্থানীয় কাঠ ব্যবসায়ী লালচাঁন নাবালিকা নিশিকে বিয়ে করতে চায়। ছবির দৃশ্যধারণ করা হয়েছে সিলেটের চা বাগানের বিভিন্ন লোকেশনে।

গোলাম রাব্বানী জানিয়েছেন, ‘নিশি’ বর্তমানে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে এবং শিগগিরই বাংলাদেশেও প্রদর্শিত হবে।

All Categories