যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। রোববার রাতে (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এ বিষয়ে চলতি সপ্তাহে নতুন একটি চুক্তি হয়েছে বলেও উল্লেখ করেন সার্জিও গোর। চুক্তিটিকে তিনি ‘অসাধারণ চুক্তি’ হিসেবে অভিহিত করেন।

পোস্টে সার্জিও গোর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ‘জবস’ প্রেসিডেন্ট। লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে তিনি প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করছেন।

সার্জিও গোর আরও বলেন, বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য ‘বিলিয়ন বিলিয়ন ডলার’ ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে দেশটির আগের প্রাথমিক ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তাঁর ভাষায়, ‘আমাদের প্রেসিডেন্ট আমেরিকা এবং আমাদের অংশীদারদের আবার মহান করে তুলছেন।’

তবে বাংলাদেশ কতটি উড়োজাহাজ কিনবে বা কোন মডেলের বোয়িং উড়োজাহাজ কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি সার্জিও গোর। নতুন চুক্তির মোট আর্থিক মূল্যও তিনি উল্লেখ করেননি। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির অংশ হিসেবে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় গত ১ মে বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ওই ১৪টি উড়োজাহাজ কিনতে ব্যয় হবে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২২ টাকা ৭৩ পয়সা ধরে এ হিসাব করা হয়েছে।

নতুন চুক্তির ফলে আগের ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার বাইরে আরও কতটি উড়োজাহাজ যুক্ত হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।

All Categories