যুক্তরাষ্ট্র ইরানে হামলার হুমকির মধ্যে ৯ হাজার সেনা পাঠাচ্ছে

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে নতুন হামলার হুমকির মধ্যে ওয়াশিংটন সেখানে প্রায় নয় হাজার সেনা পাঠাচ্ছে, যার সঙ্গে একটি বিমানবাহী রণতরীও রয়েছে। গত বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান।

কয়েকটি যুদ্ধজাহাজে করে এসব সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে পাঠানো হচ্ছে। ইরানে হামলার হুমকির পর ট্রাম্প প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে থাকলেও নির্বাচনের পর হামলা জোরদারের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

এদিকে, ইসরায়েলগামী একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টায় ইরানের যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন ট্রাম্প। যোগসূত্র প্রমাণিত হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেছেন।

মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করা নৌবহরে সাত হাজারের বেশি নাবিক ও দুই হাজার মেরিন সেনা রয়েছেন। বহরে ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী, ইউএসএস চোসিন ক্রুজার এবং ইউএসএস মাকিন আইল্যান্ডের নেতৃত্বাধীন উভচর যুদ্ধজাহাজ রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অক্টোবরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি বিমানবাহী রণতরী অবস্থান করতে পারে। নতুন সেনা ও যুদ্ধজাহাজ যুক্ত হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যসংখ্যা ২০ হাজার ছাড়াবে।

All Categories