যুব উৎসবে মেদভেদেভার নাচ, উড়ল ৭০ মিটার দীর্ঘ ‘রুশ পতাকা’

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব উৎসবের ওয়েলনেস কর্মসূচিতে অংশ নিয়েছেন দুইবারের অলিম্পিক রৌপ্য পদক জয়ী এভগেনিয়া মেদভেদেভা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফ্ল্যাশ মবে তাঁর সঙ্গে নেতৃত্ব দেন কোরিওগ্রাফার ইলদার গাইনুতদিনভ ও নৃত্যশিল্পী দিমা পেলে (পেলিপেইচেঙ্কো)।

ফ্ল্যাশ মবে অংশগ্রহণকারী অতিথিরা তারকাদের নাচের ভঙ্গি অনুসরণ করে বিভিন্ন নৃত্য পরিবেশন করেন। এরপর উন্মোচন করা হয় রুশ পতাকার রঙে তৈরি বিশাল একটি ওরেনবুর্গ ডাউন শাল। পুরো আয়োজনজুড়ে ছিল প্রায় দুই মিটার উচ্চতার ম্যাত্রিওশকা পুতুলও।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মেদভেদেভা বলেন, "বাইরে ঠাণ্ডা থাকা সত্ত্বেও আয়োজনটি ছিল দারুণ।" তিনি জানান, ইলদার সহজ নাচের রুটিনের কথা বললেও সেটি তাঁর জন্যও খুব সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত সবাই সফলভাবে নাচটি সম্পন্ন করেন।

মেদভেদেভার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে যে বিশাল ‘রুশ পতাকা’ আনা হয়েছিল, সেটি আসলে একটি আসল ওরেনবুর্গ শাল, যার দৈর্ঘ্য ছিল ৭০ মিটার। শালটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি জানান, ওরেনবুর্গের শাল তাঁর খুব পছন্দের। ভ্রমণের সময় সুজদালে এক বন্ধুর সঙ্গে তিনি এমন একটি শাল কিনেছিলেন, যা শীতকালে পরেন। তবে অনুষ্ঠানে ব্যবহৃত ৭০ মিটার দীর্ঘ শালটি সঙ্গে করে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি পাননি বলে হাসতে হাসতে জানান তিনি।

ফ্ল্যাশ মবে অংশ নেওয়া মঙ্গোলিয়ার নাগরিক বাতারবায়াম্বা আদ্যাতসেরেন জানান, তিনি নাচ করেন এবং বন্ধুদের সঙ্গে ব্যায়াম সেশনে যোগ দিয়ে খুব উপভোগ করেছেন। তিনি বলেন, "উৎসবে আরো অনেক ধরনের কার্যক্রম রয়েছে এবং শিগগিরই বাস্কেটবলসহ অন্যান্য আয়োজনেও অংশ নেওয়ার সুযোগ থাকবে।" এরই মধ্যে ভারত, নেপালসহ বিভিন্ন দেশের বেশ কিছু মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে এবং নতুন অনেক বন্ধুও তৈরি হয়েছে।

এটি ছিল উৎসবের শেষ ব্যায়াম সেশন, যেখানে ৫০০ জনেরও বেশি অতিথি অংশ নেন।

All Categories