যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা

যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা

যশোরে নিজ বাড়ির সামনে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যাভিনেতা সমু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার প্রয়াত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির সামনের একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও এলাকা পরিচ্ছন্ন রাখা নিয়ে অভিনেতার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গ্যারেজকর্মী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম রয়েছে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত ও আহত অভিনেতার বক্তব্য জানার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, হামলার বিষয়ে তিনি অবগত নন এবং এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

All Categories