যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবঃ তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ পাশে থাকলে কঠোর হস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে। যাতে দেশের সাধারণ খেটে-খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। বিএনপি চেয়ারম্যান সবার জানমালের নিরাপত্তা, কর্মসংস্থান, জলাবদ্ধতা, নারীর ক্ষমতায়ন এবং চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে পরিণত করাসহ তাঁর দলের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
গতকাল দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনি জনসভায় ‘জনরায় নিয়ে বিএনপি সরকারে গেলে’ তাদের পরবর্তী করণীয় কী হবে- সেসব পরিকল্পনার বর্ণনা দেন।
বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতির লাগাম টেনে ধরার কথা জানিয়ে তারেক রহমান বলেন, অপরাধী যেই হোক, আইনের দৃষ্টিতে তার পরিচয় অপরাধী। অপরাধীর বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে।
তিনি বলেন, আজকে লাখ লাখ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি-সেসব পরিকল্পনা কেউ যদি দুর্নীতির মাধ্যমে বাধাগ্রস্ত করে, তাদের কোনো ছাড় আমরা দেব না। যেকোনো মূল্যে আগামী সরকারে গেলে আমরা দুর্নীতির টুঁটি চেপে ধরব। এটাই আমাদের কমিটমেন্ট এ দেশের মানুষের কাছে।
জনসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক ও সুকোমল বড়ুয়া।
প্রার্থীদের প্রত্যেকের হাতে ধানের শীষ তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামে আসেন। সে সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে অংশ নিয়ে তিনি নগরীর লালদীঘি ময়দানে জনসভায় বক্তব্য রাখেন।