যাদের নির্বাচন থেকে বাদ দেবেন, তারা কী ঘরে বসে আঙুল চুষবে:জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার পরিকল্পিতভাবে একটি দল তৈরি করছে, যাতে করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায়। তিনি বলেন, নির্বাচনের নামে ছলচাতুরি করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
আজ রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত দলের বর্ধিত সভার দ্বিতীয় দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, সরকার যেনতেনভাবে নির্বাচন আয়োজন করছে, যেন তাদের লোকজন পাস করে আসে। সেই নির্বাচন কী আগের চেয়ে ভালো হবে? শেখ হাসিনা সব কিছু হাতে নিয়েও থাকতে পারেননি, আপনারা কত দিন পারবেন? যাদের নির্বাচন থেকে বাদ দেবেন, তারা কি ঘরে বসে আঙুল চুষবে?
নির্বাচন কমিশনের গঠনতন্ত্র সংশোধন ও রাজনৈতিক সংস্কার নিয়ে সরকারের সাম্প্রতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার দেশের অর্ধেক মানুষকে বাদ দিয়ে সংস্কার করতে চাইছে। এটা কোনোভাবেই টেকসই হবে না। সংস্কার করবে তারা, যাদের জনগণ নির্বাচিত করবে।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশ সঠিকভাবে পরিচালনার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের মঙ্গল হবে না। গ্রহণযোগ্যতা না থাকলে দেশে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান বাড়বে না, বেকারত্বও বাড়বে।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।